Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ত্রাস দমন মামলায় শান্তা ফারজানাসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৪:০৭

শান্তা ফারজানা।

 

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলায় নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।

মামলায় গ্রেফতার দেখানো ব্যক্তিরা হলেন—নতুন ধারা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয়পক্ষ আহত অবস্থায় চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে আসার পর আবারও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর রাতে ঢামেকের জরুরি বিভাগে এ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে দেড় ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকার পর ফের চালু হয়। এরপর আবারও হামলায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।

রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) আহত সদস্যসচিব আয়াস বলেন, ‘ফারজানা ও তার সহযোগীরা শহীদ আবু সাঈদকে জুলাই জঙ্গি বলে এবং ধর্ম নিয়ে অবমাননা করে। আমার তার প্রতিবাদ করলে শান্তা ফারজানা ও মমিন মেহেদীসহ ৩০ থেকে ৪০ জন আমাদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসলে সেখানেও তারা আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এই ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

এদিকে মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি এবং ধর্মকে অবমাননা করেছে এই নতুন ধারার বাংলাদেশ সংগঠনটি। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না।’

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর