Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, তিনি একজন মাফিয়া: উপদেষ্টা জাহেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৪:২৩

বক্তব্য দিচ্ছেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না বলে বরং একজন মাফিয়া শাসক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হলে তাকে এক ধরনের সম্মান জানানো হয়, কারণ ফ্যাসিবাদের একটি রাজনৈতিক দর্শন থাকে। কিন্তু শেখ হাসিনা মূলত একজন মাফিয়া শাসকের উপযুক্ত উদাহরণ।’

জাদুঘর নির্মাণে সংশ্লিষ্টদের প্রশংসা করে তিনি বলেন, ‘এটি একটি চলমান প্রকল্প যেখানে সময়ের সঙ্গে নতুন চিন্তা ও উপকরণ যুক্ত করা হবে এবং দর্শনার্থীদের মতামতের ভিত্তিতে এটিকে আরও সমৃদ্ধ করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই জাদুঘর মূলত দু’টি বিষয় তুলে ধরেছে। প্রথমত, একজন শাসক কীভাবে ধাপে ধাপে মাফিয়াচক্রের নেতৃত্বে পরিণত হন এবং দ্বিতীয়ত, কীভাবে সাধারণ মানুষ তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম গড়ে তোলে।’

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কেবল বাংলাদেশের ইতিহাস সংরক্ষণের স্থানই নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদ সম্পর্কে একটি সতর্কবার্তা বহন করবে বলেও তিনি উল্লেখ করেন।

বহু তরুণের আত্মত্যাগের মাধ্যমে একজন স্বৈরশাসকের পতন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জাদুঘর বাংলাদেশসহ বিশ্ববাসীর জন্যই শিক্ষণীয় হতে পারে, যেখানে একদিকে স্বৈরতন্ত্রের নির্মমতা এবং অন্যদিকে মানুষের সাহস, প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।’

ভবিষ্যতে আর কোনো তরুণকে যেন জীবন হারাতে না হয় এবং আর কোনো জুলাই গণঅভ্যুত্থানের প্রয়োজন যেন না পড়ে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নিয়মিত নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের এবং জনগণের কল্যাণে কাজ করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের কাম্য।’

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর