Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ করলেন আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২০:২২

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের মারধর ও অপমানের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে তিনি এই ঘোষণা দেন। বক্তব্য প্রদান শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান চলাকালে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, ‘অনুষ্ঠান চলাকালেই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারকে হলরুম থেকে বের হয়ে যেতে হয়েছে। মাহিন সরকারের সঙ্গে রিফাত রশিদ, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদসহ যারা আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছেন, তারাও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।’

দেশের বিভিন্ন স্থানের সার্বিক চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে সরকারদলীয় নেতাকর্মীরা এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন এবং তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছেন।’

এই পরিস্থিতির মুখোমুখি হয়ে অনুষ্ঠানে অবস্থান করা তার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের একজন হিসেবে এবং দলের প্রতিনিধি হিসেবে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানের সফলতা কামনা করা হচ্ছে। কিন্তু, সহযোদ্ধাদের ওপর হামলা ও অপমানের পর সেখানে আমার পক্ষে অবস্থান করা সম্ভব নয়।’

রাষ্ট্রীয় অনুষ্ঠানকে দলীয় কর্মসূচিতে পরিণত না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যা কোনো দলীয় অনুষ্ঠান নয়। রাষ্ট্রের মূল দায়িত্ব ছিল জুলাই গণঅভ্যুত্থানের সব অংশীজনকে সঠিকভাবে ধারণ করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি বাস্তবায়িত হয়নি ।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর