ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গণে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল সাধারণ সম্পাদক এ ধরনের মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “ছাত্রশিবিরের সভাপতি ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা সরাসরি সহিংসতার উসকানি।”
তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় গোপন আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে এবং নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।’
শিক্ষাঙ্গণের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ছাত্রশিবিরের একটি অংশ এখনও আন্ডারগ্রাউন্ডে অবস্থান করে অপর অংশকে নানা ধরনের সংঘাত সৃষ্টির কাজে ব্যবহার করছে। এর মাধ্যমে দেশজুড়ে শিক্ষাঙ্গণগুলোকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলের পুনরাবৃত্তি করা হচ্ছে।’
ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ এনে তিনি বলেন, ‘বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে প্রতিরোধ করতে শুরু করেছে এবং তারা আর কোনো ধরনের ছাড় দিচ্ছে না।’
সংগঠনের দৃঢ় অবস্থান ও ভবিষ্যৎ বার্তা তুলে ধরে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘১০ মিনিট নয় কিংবা ১০ বছরও নয়, ১০ থেকে ২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করলেও তারা কিছুই করতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরনের সংঘাত নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে গভীরভাবে বিশ্বাস করে।’ তবে শিক্ষাঙ্গণে কোনো প্রকার সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরাই তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে উল্লেখ করেন তিনি।