Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উল্লাপাড়া বিএনপির সাবেক সদস্য সচিবের সব পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২১:০৪

বিএনপির লোগো। ফাইল ছবি।

সিরাজগঞ্জ: চাঁদাবাজি ও মারামারির পৃথক মামলায় জড়িত থাকার অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

শনিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা বহাল থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলা এবং চাঁদাবাজির অভিযোগে করা আরেকটি মামলায় আজাদ হোসেনের সম্পৃক্ততার বিষয়টি জেলা বিএনপির নজরে আসে। একই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও ওঠে। এসব ঘটনায় গত ২৬ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে আজাদ হোসেন জেলা বিএনপির কাছে লিখিত জবাব দেন। তবে তার দেওয়া ব্যাখ্যা জেলা বিএনপি সন্তোষজনক মনে করেনি। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার সব পদ স্থগিত করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে আজাদ হোসেনের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই একই ঘটনায় উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককেও কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। তাদের তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। আজাদ হোসেনের বিরুদ্ধে মারধরের মামলার পাশাপাশি চাঁদাবাজির মামলার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, গত ২৭ জুলাই উল্লাপাড়া মডেল থানা পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করে। পরদিন ২৮ জুলাই সকালে আদালতে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর