রংপুর: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনল এবি পার্টি। রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই জ্যেষ্ঠ নেতাকে।
সোমবার (১০ আগস্ট) রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এবি পার্টির রংপুর জেলা ও রংপুর মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াহাব মিনারকে রংপুর জেলা কমিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলকে রংপুর মহানগর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২০২০ সালের ২১ আগস্ট অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্যসচিব করে ৫১ সদস্যের এবং আব্দুল বাসেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্যসচিব করে ৪২ সদস্যের দু’টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।