Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনীতিতে না থেকেও হাসিনার প্রতিহিংসার শিকার হন কোকো: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:৩১

আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রুহুল কবির রিজভী

ঢাকা: রাজনীতিতে যুক্ত না থেকেও আরাফাত রহমান কোকো শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের শিকার হন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ‘রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলাতক স্বৈরাচারী শাসনের চূড়ান্ত প্রতিহিংসার শিকার হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

বিজ্ঞাপন

কোকোর মরদেহ দেশে আসার সময়ের মর্মান্তিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘বন্দিনী মা বেগম খালেদা জিয়াকে যখন বালির ও কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং চোখে অপারেশন ও ক্ষত থাকা সত্ত্বেও গোলমরিচের স্প্রে করে আরও অসুস্থ করে রাখা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে তার কোলে মৃত সন্তানের মরদেহ তুলে দেওয়া হয়েছিল। পৃথিবীর কোনো ট্র্যাজেডি বা মহাকাব্যের সঙ্গেই এই বিয়োগান্তক ঘটনার তুলনা চলে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘একটি পরিবারকে পর্যুদস্ত করতে এবং জনগণের মাঝে তাদের জনপ্রিয়তা মুছে দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আজ জনগণের তীব্র আন্দোলনের মুখে তাকে পালিয়ে যেতে হয়েছে এবং শহিদ জিয়া ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশ পরিচালনার প্রথম থেকেই জনকল্যাণমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করে চলেছেন।’

এ সময় আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ক্রীড়াবিদদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য রাষ্ট্র ও সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক-সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর