কুষ্টিয়া: গণঅধিকার পরিষদকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, এটি সন্ত্রাসী দল। গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। শনিবার তার ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আমির হামজা বলেন, কুষ্টিয়ায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি রানিং এমপি ও জনপ্রতিনিধি। আমার সামনে-পেছনে গাড়ি থাকে। এরপরও যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, তাহলে এদের সন্ত্রাসী বলতে কোনো বাধা নেই। কুষ্টিয়ায় কোনো সন্ত্রাসীর জায়গা হবে না।’
জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তৌহিদি জনতার নেতাকর্মীরা কুষ্টিয়ায় থাকাকালে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে আমির হামজা বলেন, কোনো দলের লেজুড়বৃত্তি করা যাবে না। ডিসি, এসপি, ওসি ও ইউএনওসহ সরকারি কর্মকর্তাদের জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজে গণঅধিকার পরিষদের যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমরা ডিসি অফিস ঘেরাও করব।’
চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় কেউ চাঁদা চাইলে তা প্রতিহত করা হবে। ‘কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ চাঁদা নেবেন না’—বলে তিনি নেতাকর্মীদের সতর্ক করেন।
এর আগে বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয়রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার কুষ্টিয়ার ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করছিল। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার জমা দিয়েছে জামায়াতে ইসলামী।