ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রবীণ ও নবীনদের একসঙ্গে নিয়ে আদর্শিক সংগ্রামে উদ্দীপ্ত হতেই নেতাকর্মীরা আজ সমবেত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুস্থ, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপি ও এর পতাকাতলে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্পের মতো যেকোনো জাতীয় দুর্যোগে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায় এগিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও মীর সরফত আলী সপুদের নেতৃত্বেও অতীতে একইভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানান তিনি।
দলের মূল প্রত্যয় সম্পর্কে তিনি বলেন, ‘দলের লক্ষ্য মূলত দুটি— প্রথমত, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চর্চা ও অনুশীলনকে শক্তিশালী করা এবং দ্বিতীয়ত, জনগণের কল্যাণে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।’ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার আলোকে সামাজিক সুরক্ষা, কৃষক ও নারীদের সহায়তা এবং জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে তিনি মন্তব্য করেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে উল্লেখ করে তিনি বিগত সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করেন এবং বিএনপির প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতির কথা তুলে ধরেন। পাশাপাশি হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, সংগঠনটির সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু-সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।