Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটোসেশনের দিন শেষ, কাজে হাত লাগাতে হবে: সেলিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৬:৪৯

জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযানে দলটির নেতারা

ঢাকা: রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

বুধবার (২৬ আগস্ট) হাতিরঝিল থানার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস মোড় থেকে মধুবাগ, বেপারি গলি, টিএন্ডটি কলোনিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের উদ্দেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এখন ফটোসেশনের দিন শেষ, সকলকে কাজে হাত লাগাতে হবে। সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব এবং মাসের পর মাস পড়ে থাকা ময়লা-আবর্জনার কারণে নগরবাসী ভোগান্তিতে রয়েছেন। শহরকে পরিচ্ছন্ন করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’

সেলিম উদ্দিন বলেন, ‘আমার শহর, আমার পরিবেশ— আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এ জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা।’ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চান তারা।

রাজধানীর ৫৪টি ওয়ার্ডে একযোগে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে। এতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। পাশাপাশি অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে।’

অভিযানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার, হাতিরঝিল অঞ্চল টিম সদস্য মো. ইউছুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, হাতিরঝিল পশ্চিম থানা আমির মো. নূরুল ইসলাম আকন্দ, পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জামায়াতের এ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি ২৫ আগস্ট শুরু হয়েছে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর