ঢাকা: নেত্রকোনার দুর্গাপুরে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু হুমাইরার চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত ও বিশেষ উদ্যোগে জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সুস্থ হয়ে পরিবারের সাথে বাড়ি ফিরেছে।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বুধবার (২৬ আগস্ট) ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মানবতার কল্যাণে তার এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজ ও দেশের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির কন্যাসন্তান হুমাইরা জন্ম থেকেই হৃদযন্ত্রে দুটি ছিদ্র নিয়ে বড় হচ্ছিল। উন্নত ও জটিল চিকিৎসার প্রয়োজন হলেও অসচ্ছল পরিবারের পক্ষে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না।
বিষয়টি জানতে পেরে ডেপুটি স্পিকার কায়সার কামাল গত ১৭ আগস্ট একটি বিশেষ টিমের মাধ্যমে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুটির হৃদযন্ত্রে একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
অস্ত্রোপচার পরবর্তীতে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয় এবং শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটলে তাকে চিকিৎসকরা ছাড়পত্র প্রদান করেন। হুমাইরার পরিবার তাদের সন্তানের এই পুনর্জন্মের জন্য ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শিশুটির পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।