চবি: ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিশির মনির বলেন, ‘ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমরা যার সঙ্গেই কাজ করি না কেন, মূল লক্ষ্য হতে হবে দেশের কল্যাণ। বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজন প্রতিভাবান ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ। নারী-পুরুষ নির্বিশেষে মেধাবী তরুণদের জ্ঞান ও কাজের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।’ তরুণদের নিজেদের মেধা ও যোগ্যতাকে সুপ্ত না রেখে তা বিকশিত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রের কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ‘শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ। প্রশাসনিক কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, সমাজে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণ আইনের সুফল পাবে না।’
তিনি আরও বলেন, ‘কোনো বড় পদে বসলেই মানুষ সম্মানিত হয়ে যায় না; বরং ব্যক্তির যোগ্যতা, নীতি ও কাজের মাধ্যমে সেই পদ সম্মানিত হয়। নেতৃত্ব ও পেশাজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকৃত মান ও আন্তরিকতাই মানুষের মূল্যায়নের ভিত্তি তৈরি করে।’
শিশির মনির বলেন, ‘এই পৃথিবী প্রতিভাবানদের। তরুণরা মেধা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।’
চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম রনির সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, চাকসুর সাবেক ভিপি এডভোকেট মো. জসিমউদদীন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বক্তব্য দেন।