ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি নির্বাচন। জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন বলে আশা করি।
তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সব ধরনের বাধা, প্রলোভন ও উসকানি সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, বিগত জাতীয় নির্বাচনে জনগণ উৎসাহের সঙ্গে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল। জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে—এমন প্রত্যাশা ছিল তাদের। তবে নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে মানুষের ধারণা।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন দেলাওয়ার হোসেন। শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদ কার্যকর, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানান মাওলানা আবদুল হালিম।