Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ‘জেডআরএফ’র তৃতীয় বিজ্ঞান মেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ০০:০১

জিয়াউর রহমান ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

ঢাকা: তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তৃতীয়বারের মতো ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

রোববার (৩০ আগস্ট) জেডআরএফ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সল্যুশনসহ যেকোনো ধরনের মৌলিক উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়া যাবে। তবে আগে কোথাও উপস্থাপিত কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। প্রতিযোগীদের সশরীরে নিজেদের উদ্ভাবিত মডেল উপস্থাপন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত উদ্ভাবকেরা জেডআরএফের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।

এদিকে প্রতিযোগিতার সেরা পাঁচ বিজয়ী তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেলে ভূষিত করা হবে।

আয়োজকদের আশা, এ বিজ্ঞান মেলার মাধ্যমে দেশের তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরির পথ আরও সুগম হবে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম