Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৫৯

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২০:৩৩ | আপডেট: ৩ মে ২০২৫ ২২:৫২

যৌথ বাহিনীর অভিযান

ঢাকা: সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল) ২৫৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। শনিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসব যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, প্রতারণাকারী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ২৫৯ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

এসময় অপরাধীদের নিকট হতে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৪টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, হাত বোমা, ককটেল, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, অবৈধ ওষুধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে।

এছাড়াও শিল্পাঞ্চলে বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলমান অস্থিরতা প্রশমনে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে গঠনমূলক মতবিনিময় ও সমঝোতার ব্যবস্থা করে সেনাবাহিনী।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো