Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফতাবনগরে গরুর হাট নয়, ইজারা বিজ্ঞপ্তি স্থগিত: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:৫৮ | আপডেট: ৪ মে ২০২৫ ১৬:৫৬

ঢাকা: রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এবারের কোরবানির ঈদে এ এলাকায় পশুর হাট বসবে না।

রোববার (৪ মে) দুপুরে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

আইনজীবী ইউনুস আকন্দ বলেন, ২০২৩ ও ২০২৪ সালেও আফতাবনগরে গরুর হাট না বসাতে রিট করা হয়। এ নিয়ে হাইকোর্টের রুল বিচারাধীন। কিন্তু তা উপেক্ষায় ইজারার বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফলে এবারও রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে, ২৪ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাড. ইউনুস। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২১ এপ্রিল ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তিতে আফতাবনগরসহ ১১টি হাটের কথা উল্লেখ করা হয়। এরমধ্যে আফতাবনগরে গরুর হাট বাতিল চেয়ে রিট করেন এই আইনজীবী।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো