Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনজীবী খুনসহ ৪ মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ২৩:১০ | আপডেট: ৫ মে ২০২৫ ০৯:৫৭

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী হত্যাসহ আরও চার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

রোববার (৪ মে) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা নগর পুলিশের প্রসিকিউশন শাখার মাধ্যমে চারটি আবেদন জমা দিয়েছেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কোতোয়ালি থানায় দায়ের হওয়া এ চারটি মামলার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে আরও তিনটি মামলা আছে। হত্যা মামলার শুনানি সোমবার ভার্চ্যুয়াল আদালতে হবে। বাকি তিনটির শুনানি মঙ্গলবার একইভাবে হবে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা। এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া, পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো