Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষ, নিহত ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১১:২২

রাতের বেলায় টর্চের আলোতেই সংঘর্ষে জড়ান গ্রামবাসীরা।

ফরিদপুর: জেলার ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের বেলায় টর্চের আলোতেই একই গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৬০) নামের একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ সময় তিন জনকে আটক করে পুলিশ।

রোববার (৪ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটানাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
রোববার রাত ৯টার সময় দবির মাতুব্বরের পক্ষে সোলেমান মাতুব্বর ও বজলু মুন্সি দলের শাহআলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র, গাছের ডাল, কাতরা, টেটা রানদা, ইট নিয়ে ধাওয়া পালটা ধাওয়া শুরু করে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শুরু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষে ঘটনায় এই পর্যন্ত আহত নয় জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আসার পরেই কুদ্দুস মোল্লা নামের একজন মারা গেছেন।

ঘটনা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো