Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চসিক মেয়রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সাক্ষাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২০:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন। সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্য আনার ওপর গুরুত্ব দেন জ্যাকবসন।

অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মেয়র। পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

সোমবার (৫ মে) নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে উভয়ের মধ্যে সাক্ষাত হয়েছে বলে চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সাক্ষাতে চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে সিটি গভর্নমেন্ট থাকলে কাজ করতে সুবিধা হত। চট্টগ্রামের বিকাশে সিটি গভর্মেন্ট দরকার। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা অলরেডি বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার সেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট বা নগর সরকার। সেটা যদি থাকতো তাহলে সিটি মেয়র হিসেবে আমি সবগুলো সংস্থাগুলোকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারতাম।’

এসময় ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্য আনা প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে রফতানি করে সে তুলনায় আমদানি করে খুব কম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি উন্নতমানের যন্ত্রপাতি ও প্রযুক্তি পণ্য ক্রয় করার মাধ্যমে বাণিজ্য ভারসাম্য আনতে পারে বাংলাদেশ।’

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ করপোরেশনের বিভাগীয় প্রধানরা, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে মেয়রকে সঙ্গে নিয়ে ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন নগরীর বাদশা মিয়া রোডে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন।

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

আরো