Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে প্রথমবার নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন

ঢাবি করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:০১

নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী প্রথমবার পালন করছে ঢাবি। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই জন্মবার্ষিকী আয়োজনের তথ্য জানিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৭ মে) গণমাধ্যমকে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম আমরা নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদযাপন করতে যাচ্ছি।’

নবাব স্যার সলিমুল্লাহর জন্ম তারিখ ৭ জুন হলেও ঈদুল আজহার ছুটির কারণে অনুষ্ঠানটি পিছিয়ে ২৪ জুন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

ড. আব্দুল্লাহ জানান, ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এই র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। র‍্যালিটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, সেন্ট্রাল মসজিদ এবং শহীদ মিনার ঘুরে সলিমুল্লাহ মুসলিম হলে এসে শেষ হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় নবাব স্যার সলিমুল্লাহর প্রাসঙ্গিকতা।’

প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা।

শুধু হলের শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এই প্রতিযোগিতাগুলো উন্মুক্ত থাকবে। হলের বাইরের শিক্ষার্থীরাও একই বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং পুরস্কারসমূহ একইভাবে প্রযোজ্য থাকবে।

ড. আব্দুল্লাহ জানান, এটি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ থাকবে।

এ কর্মসূচির অংশ হিসেবে নবাব সলিমুল্লাহর জীবন ও কর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ।

আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নবাব স্যার সলিমুল্লাহর অবদান সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে এবং তার উত্তরাধিকারকে সম্মান জানাতে পারবেন।

অনুষ্ঠানে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাক্তন শিক্ষার্থীদের, অর্থাৎ এ্যালামনাইদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আয়োজকেরা মনে করেন, তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলবে।

প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং নবাব স্যার সলিমুল্লাহর স্মৃতি নতুন প্রজন্মের মাঝে আরও জীবন্ত হয়ে উঠবে।’

সারাবাংলা/কেকে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো