Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শেষ হতে পারে আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ০৯:১৮ | আপডেট: ৮ মে ২০২৫ ১০:৩১

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শেষ হতে পারে আজ।

বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার এক নম্বরে রয়েছে।

এর আগে, ৬ মে সকাল ১০টায় এটিএম আজহারের আপিল শুনানি শুরু হয়। ওই দিন আধাঘণ্টা বিরতি দিয়ে সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।

আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, মামলায় ৯০ শতাংশ শুনানি শেষ হয়েছে। বাকি ১০ শতাংশ শুনানি বৃহস্পতিবার হবে।

বিজ্ঞাপন

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান এটিএম আজহার। এছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

ওই দিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন (প্রয়াত) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে একই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এই জামায়াত নেতা। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার ওই আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাউজানে যুবককে গুলি করে হত্যা
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০

আরো