Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিনের ব্যবধানে ভরিতে সোনার দাম কমলো ৩১৩৭ টাকা

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৫ ২১:১৫ | আপডেট: ৮ মে ২০২৫ ২৩:৫৩

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় একবছর ধরে নিয়মিত সোনার দর সংশোধন হচ্ছে। তবে সম্প্রতি বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পালটা শুল্কারোপ ও বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দর সংশোধনের মাত্রাও বেড়েছে। সেই ধারাবাহিকতায় মাত্র ২ দিনের ব্যবধানে সোনার দর সংশোধন হলো। সর্বশেষ দর সংশোধনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম কমলো ৩ হাজার ১৩৭ টাকা। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা।

বৃহস্পতিবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (৯ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৯ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকা।

এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৬ মে সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিন রুপার দামও অপরিবর্তিত ছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো