Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৬:১২ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৭:৩৭

আদালতে মিল্টন সমাদ্দার।

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর স্ত্রী মিঠু হালদারসহ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের ওহিদুজ্জামান বিপ্লব এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ৬ মে এ মামলায় অভিযোগপত্র আমলে নেন আদালত। তবে এর আগের দিন মা মারা যাওয়ায় উপস্থিত হতে পারেননি মিল্টন। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা করা হয়। পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মাইতুল আলম। তাকে মানবপাচার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব।

এরপর রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার চার দিনের রিমান্ড দেন। রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় মারধরের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তিনি তিন মামলায় জামিনে কারামুক্ত হন।

তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় তার স্ত্রী মিঠু হালদারকেও অভিযুক্ত করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ