তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে মক্কা প্রতিরক্ষা জোটের সূচনা মুসলিম বিশ্বের ভূ-রাজনীতিতে একটি নতুন ও তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে। ৩১ আগস্ট ২০২৬ ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে তিন দেশ এই ত্রিপক্ষীয় নিরাপত্তা কাঠামোকে কার্যকর করতে সম্মত হয়েছে। জোটের সদর দপ্তর ও সচিবালয় রিয়াদে স্থাপনের কথা রয়েছে। পাকিস্তান থেকে জোটের প্রথম মহাসচিব নিয়োগের সম্ভাবনার কথাও বলা হয়েছে। পররাষ্ট্র, প্রতিরক্ষা ও সামরিক নেতৃত্বের সমন্বয়ে একটি কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি যৌথ সামরিক পরিকল্পনা, গোয়েন্দা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার মতো বিষয় তদারক করবে।
এই নতুন জোটের আত্মপ্রকাশ বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে এনেছে। জোটে যুক্ত হওয়া কি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের জন্য লাভজনক হবে, নাকি এর সঙ্গে জড়িয়ে পড়তে পারে নতুন কৌশলগত ঝুঁকি?
প্রথমেই যে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন, তা হলো এই জোটের প্রকৃত কৌশলগত লক্ষ্য কি। সমর্থকদের দৃষ্টিতে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য একটি নতুন সম্মিলিত নিরাপত্তা কাঠামোর সূচনা হতে পারে। তবে সমালোচকদের আশঙ্কা, পশ্চিম এশিয়ার দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা, এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসন বা মধ্যস্থতার বিষয়ে জোটের অবস্থান স্পষ্ট না হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে—এটি কি ভবিষ্যতে ইরানবিরোধী কোনো নিরাপত্তা জোটে পরিণত হতে যাচ্ছে কিনা? তাই, বাংলাদেশের জন্য জোটে যোগদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
বাংলাদেশ ঐতিহ্যগতভাবে কৌশলগত ভারসাম্য, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সামরিক জোটে অপ্রয়োজনীয় সম্পৃক্ততা এড়িয়ে চলার নীতি অনুসরণ করে এসেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও তুরস্ক, সৌদি আরব বা পাকিস্তানের মতো নয়। উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের তাৎক্ষণিক নিরাপত্তা অগ্রাধিকার দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর, সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু ঝুঁকি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের সথে জড়িত। পশ্চিম এশিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি কোনো পক্ষ নেওয়া বাংলাদেশের মৌলিক স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা ভেবে দেখা দরকার।
তারপরও নতুন এই জোটকে বাংলাদেশের উপেক্ষা করার সুযোগ নেই। এর সম্ভাব্য কিছু সুফলও রয়েছে।
প্রথমত: প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে এ জোটে যোগদান নতুন সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আধুনিকায়ন ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে অংশীদারিত্বের পরিধি বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সামরিক শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণে সহযোগিতা বাংলাদেশের সক্ষমতা বাড়াতে পারে।
দ্বিতীয়ত: মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোকে নিয়ে একটি প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কাঠামো বাংলাদেশের কূটনৈতিক প্রভাবের পরিধি বাড়াবে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। তুরস্কের সঙ্গেও সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বেড়েছে। একটি বহুপক্ষীয় প্ল্যাটফর্ম এসব সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করতে পারে।
তৃতীয়ত: সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার অর্থনৈতিক সুফলও রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব কর্মসংস্থানের সবচেয়ে বড় বাজার। একই সঙ্গে দেশটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তাই নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং শ্রমবাজার সম্প্রসারণে বড় সুযোগ তৈরি করতে পারে।
জোটে অংশীদার হলে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার মতো ক্ষেত্রেও সহযোগিতা বাংলাদেশের জন্য কাজে আসতে পারে। তবে সেক্ষেত্রে জোটের প্রতিরক্ষানীতি ও কৌশল বাংলাদেশের বিদ্যমান পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
অন্যদিকে, জোটে যোগদানে সম্ভাব্য সুফলের বিপরীতে কিছু ঝুঁকিও সামনে আসতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো, বাংলাদেশের সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কহীন কোনো ভূরাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়া।
যদি মক্কা প্রতিরক্ষা জোট ধীরে ধীরে ইরানকে মোকাবিলার একটি কাঠামোতে পরিণত হয়, তাহলে বাংলাদেশকে কঠিন কৌশলগত অবস্থানে পড়তে হতে পারে। বাংলাদেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং সৌদি-ইরান প্রতিদ্বন্দ্বিতায় পক্ষ নেওয়ার মতো কোনো সুস্পষ্ট জাতীয় স্বার্থ বাংলাদেশের নেই।
একটি সামরিক জোটে সদস্যপদ ভবিষ্যতে সংকটের সময় নানা ধরনের প্রত্যাশা তৈরি করতে পারে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক সামরিক সহায়তার দিকে এগোলে বাংলাদেশকে নিজ ভূখণ্ডের বাইরে সংঘাতে সেনা, রসদ, গোয়েন্দা তথ্য কিংবা রাজনৈতিক সমর্থন দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা বিষয়টি সামনে চলে আসবে। যা কিনা বাংলাদেশের ঐতিহ্যগত শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এখানে ভারতের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভারত সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরানের সঙ্গে নিজস্ব জটিল সম্পর্ক বজায় রাখে। ফলে বাংলাদেশ কোনো নতুন সামরিক জোটে যোগ দিলে তা দিল্লী কীভাবে নিবে, সেটিও ঢাকার বিবেচনায় রাখতে হবে। বাণিজ্য, পানি, সীমান্ত ব্যবস্থাপনা, যোগাযোগ ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নতুন সামরিক জোটে যোগ দিয়ে এই সম্পর্ককে জটিল করা বাংলাদেশের স্বার্থের জন্য অনুকূল নয়।
জোটটিকে ইতোমধ্যে কেউ কেউ ‘মুসলিম ন্যাটো’ হিসেবে অভিহিত করছেন। তবে এই তুলনা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। ন্যাটো একটি নির্দিষ্ট ভূরাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতা থেকে গড়ে উঠেছে এবং এর রয়েছে সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো ও সম্মিলিত প্রতিরক্ষার বাধ্যবাধকতা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি নিরাপত্তা জোটকে একই কাঠামোয় পরিচালনা করা সহজ হবে না।
কারণ এসব দেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা-ধারণা, আঞ্চলিক অগ্রাধিকার ও বৈদেশিক নীতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ, তুরস্কের কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা এবং পাকিস্তানের সামরিক ও আঞ্চলিক বাস্তবতা—সবকিছু বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গে এক নয়।
তাই জোটের কাঠামো ও উদ্দেশ্য পুরোপুরি স্পষ্ট হওয়ার আগেই বাংলাদেশকে সদস্য হওয়ার প্রতিযোগিতায় নামা উচিত হবে না।
বাংলাদেশের জন্য সবচেয়ে বিচক্ষণ নীতি হতে পারে—এ মুহূর্তে সরাসরি যোগ না দিয়ে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং কূটনৈতিকভাবে সম্পৃক্ত থাকা।
ঢাকার কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর আগে জানা দরকার। কোনো সদস্যের ওপর হামলাকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে? সামরিক সহায়তা কি বাধ্যতামূলক হবে? জোটটি কি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গড়ে উঠছে? সদস্যদের কি নিজ ভূখণ্ডের বাইরে সামরিক অভিযানে অংশ নিতে হবে? সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে তা কীভাবে নিষ্পত্তি হবে? সর্বোপরি, জোটটি কি জাতিসংঘ সনদের নীতি ও বাংলাদেশের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ থাকবে?
বাংলাদেশের আরও একটি শর্ত স্পষ্ট থাকা উচিত—কোনো ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা যেন তৃতীয় কোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক বজায় রাখার অধিকার সীমিত না করে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়। নতুন এই প্ল্যাটফর্ম থেকে প্রযুক্তি, প্রশিক্ষণ, বিনিয়োগ ও কূটনৈতিক সহযোগিতার সুযোগ থাকলে তা অবশ্যই বিবেচনায় নিতে হবে। কিন্তু কোনো নিরাপত্তা অংশীদারিত্ব যেন শেষ পর্যন্ত ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার হাতিয়ার হয়ে না ওঠে, সেটিও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের অন্যতম কৌশলগত শক্তি হলো প্রতিদ্বন্দ্বী শক্তি ও জোটগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার সক্ষমতা। অনিশ্চিত নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে সেই কূটনৈতিক স্বাধীনতা বিসর্জন দেওয়া সমীচীন হবে না।
মক্কা প্রতিরক্ষা জোট ভবিষ্যতে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। আবার এটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার নতুন ক্ষেত্রও হয়ে উঠতে পারে। এই মুহূর্তে কোনটি হবে, তা নিশ্চিত করে বলা কঠিন।
তাই বাংলাদেশের উচিত অতি উৎসাহে তাৎক্ষনিক জোটে যোগ না দেওয়া এবং একই সাথে আগেভাগে তা প্রত্যাখ্যান না করা। বরং জোটের কাঠামো ও উদ্দেশ্যের বিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করতেই কূটনৈতিকভাবে সম্পৃক্ত থাকতে হবে, প্রয়োজনীয় সুরক্ষা ও শর্ত নিশ্চিত এবং প্রতিটি সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের কঠোর মানদণ্ডে বিচার করতে হবে।
ক্রমেই মেরুকরণ বাড়তে থাকা এই বিশ্বে বাংলাদেশের প্রয়োজন আরও বেশি কৌশলগত বিকল্প সন্ধান করা। কোনো সামরিক জোট নতুন সুযোগ এনে দিতে পারে; কিন্তু জাতীয় স্বার্থের প্রয়োজনে স্বাধীনভাবে ‘না’ বলার সক্ষমতা ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য অধিকতর কৌশলগত সম্পদ।