Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ২০ মে ২০২৫ ১৮:০৩

অভিনেত্রী নুসরাত ফারিয়া।

ঢাকা: হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বের হন এই নায়িকা। কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সোয়া ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই করে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।

এদিন ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন মামলার বাদী এনামুল হক। ওইদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ