Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১১:২০ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:০৫

ঢাকা: রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় তোফাজ্জল হোসেন (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

বুধবার (২১মে) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, তোফাজ্জলের স্ত্রী মানসুরা ও তার চার বছর বয়সী মেয়ে তানজিলা মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই ভোরে মারা গেছেন তিনি।

বিজ্ঞাপন

ডা. শাওন বিন রহমান জানান, বর্তমানে তোফাজ্জলের দুই মেয়ে তানিশা ৩০ শতাংশ ও মিথিলা ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের সবার অবস্থা আশংকাজনক।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হন মানসুরা আক্তার (২৮), স্বামী তোফাজ্জল হোসেন (৩২), তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

মানসুরার মেয়ের জামাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মানের কাজ চলছে। সেখানে খোঁড়াখুঁড়ি কাজের সময় গ্যাস লাইনের লিকেজ হয়। সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার সেদিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানান হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়। এতে পরিবারটির পাঁচজন দগ্ধ হয়।

তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। চার মেয়ে সন্তানের জনক তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট তিন মেয়েই দগ্ধ হয়েছেন। স্বামীর বাড়িতে থাকায় ভাগ্যক্রমে আগুনের হাত থেকে বেঁচে গেছেন বড় মেয়ে।

সারাবাংলা/এসএসআর/ইআ