Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থী আলভি হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৩:২২ | আপডেট: ২১ মে ২০২৫ ১৬:০১

আলভি হত্যা মামলায় গ্রেফতাররা।

ঢাকা: রাজধানীর হাজারবাগের জিগাতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আলভি হত্যা মামলার রহস্য উদঘাটনসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

বুধবার (২১ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারা হলো- মো. রায়হান (২০), মো. হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১)। ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, নিহত সামিউর রহমান খান আলভী হাজারীবাগ থানার মনেশ্বর রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ১৬ মে সামিউর তার তিন বন্ধু মো. আশরাফুল ইসলাম, মো. জাকারিয়া এবং মো. ইসমাঈল হোসেনের সঙ্গে ধানমন্ডি লেক পাড়ের একটি রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় গ্রেফতারাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদেরকে কৌশলে হাজারীবাগ থানাধীন জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ২১/১ বাসার সামনে নিয়ে গিয়ে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা সামিউর ও তার বন্ধুদের শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিউরকে মৃত ঘোষণা করেন। সামিউরের তিন বন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় মো. সামিউল রহমান খান আলভীর বাবা মো. মশিউর রহমান খানের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়। মামলার পর তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৮ মে মো. রায়হানকে ও ১৯ মে সমতি পালকে হাজারীবাগের মধুবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২০ মে দিবাগত রাত সাড়ে ১২টায় ধানমন্ডি লেক বাগানবাড়ি এলাকা থেকে মো. হাবিবুর রহমান মুন্না ও কাউসারকে গ্রেফতার করে পুলিশ।

ডিসি মিডিয়া বলেন, গ্রেফতারা সামিউর রহমান খান আলভীকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গত ১৫ মে রাত ৯টায় মাদক সেবনকে কেন্দ্র করে বাগানবাড়ী লেক এ ভিকটিম ও তার বন্ধুদের সাথে গ্রেফতার আসামিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে