Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৬তম বিসিএসের স্থগিত হওয়া পরীক্ষা শুরু ২৪ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:০৩ | আপডেট: ২১ মে ২০২৫ ২০:৩৬

ঢাকা: ৪৬তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই নির্ধারণ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করে পিএসসি। ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জনে। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলি পরীক্ষার পর রেকর্ড সময়ে (৯ মে) প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

‎সারাবাংলা/এনএল/এমপি