Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:১৫ | আপডেট: ২১ মে ২০২৫ ২০:৩৫

ছবি: সংগৃহীত

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম মোতাইত (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) বিকেলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত হয়েছেন। এর আগে দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের শেরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মোতাইত কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার নুরুল ইসলাম মোতাইতের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চর মাইঝারা এলাকার আবুল কাশেম মোতাইতের পরিবারের সঙ্গে একই এলাকার কাশেম আলী খাঁর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে বুধবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা চালায় কাশেম আলী খাঁর লোকজন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর বলেন, ‘আবুল কাশেম আমাদের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যথেষ্ট ভালো লোক ছিলেন। বিষয়টি দুঃখজনক। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের দাবি জানাই।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, ‘প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই