Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় পার্কে আটকে রাখা বন্যপ্রাণী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ২৬ মে ২০২৫ ০৯:৪১

উদ্ধার হওয়া প্রাণীর সঙ্গে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুননেছা পার্কের আটকে রাখা সব বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। দীর্ঘদিন ধরে মেহেরুন নেছা পার্কে মিনি চিড়িয়াখানায় আটকে রাখা হয়েছিল এগুলোকে। এর আগে, প্রাণীগুলো মুক্ত করার জন্য বহুবার চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী সংগঠন বিভিন্ন সময় অভিযোগ করে আসছিল। কিন্তু কোনোভাবেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তা মানতে রাজি ছিল না।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং দামুড়হুদা সামাজিক বন বিভাগ যৌথভাবে পার্কে অভিযান চালায়। এ সময় তারা ৩টি বানর, ১টি হুতুম পেঁচা, ১টি মেছো বিড়াল উদ্ধার করে।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আব্দুলাহ আস সাদিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এ বন্যপ্রাণীগুলো অবৈধভাবে আটক ও প্রদর্শন করা হচ্ছিল, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানে জব্দ করা প্রাণীগুলো প্রাথমিকভাবে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং চিকিৎসা ও পুনর্বাসনের পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে।’

চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’ এর সভাপতি আহসান হাবীব বলেন, ‘বন্যপ্রাণী মুক্তভাবে বনে ঘুরে বেড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ এগুলোকে বন্দি করে দর্শনার্থীদের কাছ হতে টাকা নিয়ে থাকে যা আইন পরিপন্থী। তাছাড়া এই সকল মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণীগুলো খাদ্য ও পর্যাপ্ত আবাসন সমস্যায় ভোগে। চিকিৎসা ব্যবস্থা খুব একটা হয় না ফলে অনেক প্রাণী মারা যায়। তাই আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনে আছি তারা এই নির্মমতা আর চাই না।’

এই সময় আরও উপস্থিত ছিলেন ‘মানবতার জন্য’ সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অশিম মল্লিক,সঞ্জয়,জাহিদ।

সংশ্লিষ্টরা জানান, সংরক্ষণ ও অবৈধ দখল প্রতিরোধে বন অধিদফতর আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করে যাবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো