Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর প্রধান ডাকঘরের নাইট গার্ডের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৩:০০

যশোর প্রধান ডাকঘর।

যশোর: যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম (৪৫) নামের এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের বাসিন্দা।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডাকঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখে সহকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মনিরুল আল নূর জানান, রবিউল ইসলাম নিয়মিত রাতের শিফটে দায়িত্ব পালন করতেন। ভবনটির নিচতলার একটি কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তবে দড়িটি ছিঁড়ে যাওয়ায় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়।

রবিউলের শ্যালক শামীম জানান, দুই মাস আগে বদলির মাধ্যমে রবিউল যশোরে আসেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরায় বসবাস করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো