Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ২৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক, চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:১৯ | আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:৩৮

ঢাকা: গত বছর (২০২৪ সাল) আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ মেরামত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে ২৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ঋণ নেবে বাংলাদেশ।

এ লক্ষ্যে রোববার (২৫ মে) রাজধানীর শেরেবাংলানগরস্থ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে ইআরডি ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণ চুক্তি সই করা হয়েছে। চুক্তিতে বাংলাদশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কাট্রি ডিরেক্টর গেইল মার্টিন ঋণ চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, সাড়ে ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পটিতে পাঁচটি কম্পোনেন্ট রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ইআরডি জানায়, বিশ্বব্যাংকের এ ঋণ ৫ (পাঁচ) বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ ০.৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রদেয় হবে। তবে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরসহ দীর্ঘদিন ধরে কমিটমেন্ট ফি অব্যাহতি দিয়ে আসছে।

ইআরডি জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক ৪ হাজার ৩৫০ কোটি ডলারের অধিক সহায়তা দিয়েছে। বর্তমানে ১ হাজার ৩১০ কোটি ডলারের ৪৭টি প্রকল্পে অর্থায়ন করছে সংস্থাটি, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে ব্যাপক অবদান রাখছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো