Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রয়োজনেই চালু করা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর: সেনাসদর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ২৬ মে ২০২৫ ২১:৫১

সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উল-দৌলা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রয়োজনের নিরিখেই অনেক পুরনো লালমনিরহাট বিমানবন্দরটি নতুন করে চালু করা হচ্ছে বলে জানিয়েছে সেনাসদর। দেশের স্বার্থেই এই বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৬ মে) বিকেলে সেনাসদরে এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের সক্ষমতা বাড়ছে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বাড়বে- এটা খুব স্বাভাবিক। লালমনিরহাট যে বিমানবন্দরটি আছে, এটি অনেক পুরনো। এটা আগেই ছিল। কিন্তু ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে এটিকে আবার সচল করা হচ্ছে। নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

সেনা কর্মকর্তা নাজিম-উল-দৌলা বলেন, ‘সেখানে একটি ইউনিভার্সিটি রয়েছে। অ্যাভিয়েশনের কর্মকাণ্ড পরিচালিত হবে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটি সচল করা হচ্ছে। দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি তাই ব্যবহার হয়নি। এখন প্রয়োজন পড়েছে তাই ব্যবহার হচ্ছে। যার কারণে নতুন করে সংস্কার করা হচ্ছে। কলেবর বাড়ানো হচ্ছে। সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।’

চীনের বিমানবন্দর ব্যবহার নিয়ে একটি দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, ‘চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না, কবে ব্যবহার করবে, এ ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। এটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবে। এবং সে ব্যাপারে পদক্ষেপ নেবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না কোনো সরকার, কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ নেবে। তাই এখনো বিষয়টি সামনে আসেনি। আমি এটুকু বলতে পারি, নিরাপত্তা ও স্বার্থবিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট সংস্থগুলো বিবেচনায় নেবেন। এরপর তারা ভেবে দেখবেন এবং তার পর সিদ্ধান্ত নেবেন।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো