Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীদের মারধর

ঢাবি করেস্পন্ডেন্ট
২৭ মে ২০২৫ ০২:৩৯ | আপডেট: ২৭ মে ২০২৫ ০৯:৫১

যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর নিউমার্কেটসংলগ্ন চাঁদনী চক মার্কেটে যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দু’জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, ‘আমি, শাহেদুল, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে মাসরাত আপুর উদ্দেশে তারা অরুচিকর মন্তব্যের মাধ্যমে যৌন হয়রানি করে। তখন আমরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে আমাদের চোর সম্বোধন করে আমাদের ওপর হামলা চালায়।’

বিজ্ঞাপন

তিনি জানান, এ সময় মাথায় ও পায়ে আঘাত পেয়ে শাহেদুল এবং আয়াজ গুরুতর আহত হন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শাহেদুল ইসলাম বাদী হয়ে রাতেই নিউমার্কেট থানায় মামলা করেন।

নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, ‘এরই মধ্যে মিলন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চার জনের নাম লিস্ট করা হয়েছে।’ তিনি জানান, ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় উপস্থিত হন।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো