Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮১, যুদ্ধবিরতিতে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৫ ০৯:০৯ | আপডেট: ২৭ মে ২০২৫ ১১:৪৪

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজা। ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। প্রস্তাবে হামাসের এই সম্মতিতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের সম্ভাবনা তৈরি হলো। প্রস্তাবে বলা হয়েছে, দুটি দলে ১০ জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ৭০ দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ইসরায়েল গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ইসরায়েলে দীর্ঘদিন ধরে বন্দি থাকা বেশ কিছুসংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করেনি ইসরায়েল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) আলজাজিরা ও এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের তীব্র হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। ফলে রোগী ও ‘ভয়াবহ’ আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘গাজার প্রত্যেকেই কষ্টের মধ্যে রয়েছেন।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ২২ হাজার ৯৬৬ জন।

সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির এ হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত হন। এ সময় গোষ্ঠীটি ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো