ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ থেকে। এই অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউজিসির নীতিনির্ধারকরা, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা।
সদ্য দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সভা থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং পরবর্তীতে নতুনভাবে ভর্তি কার্যক্রমের প্রজ্ঞাপন জারি করা হবে।
অধ্যাপক ইলিয়াস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল সহযোগিতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কারণ, আমাদের নিজস্ব ভর্তি পরীক্ষার ম্যাকানিজম এখনও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং তাদের সহায়তায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষার পরিকল্পনা করছি। আশা করছি, দুই থেকে আড়াই মাসের মধ্যেই তা সম্পন্ন করতে পারবো। তবে রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়।”
নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে কাজ করার সুযোগ এখনও পাইনি। আজকের সভার মাধ্যমে কাজ শুরু হয়েছে। ইউজিসি ইতোমধ্যে কাঠামো নিয়ে কাজ করছে, তারা এ বিষয়ে বিস্তারিত জানে।”
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রশাসনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস, যিনি বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের এই পদক্ষেপ উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।