Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত-পাকিস্তান সংঘর্ষে রাফাল ভূপাতিতের তদন্তে ফ্রান্সের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৭:৫৬

সংবাদ সম্মেলনে ফ্রান্স সেনাবাহিনীর মুখপাত্র। ছবি: সংগৃহীত

পাকিস্তান-ভারত সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে বলে যে দাবি উঠেছে, তা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে ফরাসি সেনাবাহিনী। আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার পর ফ্রান্স জানিয়েছে, তারা এই ঘটনার তথ্য যাচাই করছে এবং ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে।

৭ মে পাকিস্তান জানায়, ভারতের সীমান্ত অতিক্রমকারী আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ফ্রান্স নির্মিত আধুনিক রাফাল জেট ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাকে ভারতের জন্য বড় ধরনের সামরিক অপমান হিসেবে বর্ণনা করা হচ্ছে, যেখানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা দক্ষতা ও রাফালের দুর্বলতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্যারিসে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ফরাসি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘ঘটনার বিস্তারিত এখনও অস্পষ্ট এবং অনেক তথ্য যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। আমরা আমাদের অংশীদার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং নির্ভুল তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’

তিনি আরও জানান, সংঘর্ষে শত শত বিমান অংশ নিয়েছে বলে জানা যাচ্ছে এবং ফ্রান্স এ থেকে কৌশলগত শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। যদি রাফাল জেট ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত হয়, তবে এটি ২০ বছরের সক্রিয় অভিযানের ইতিহাসে রাফালের প্রথম যুদ্ধক্ষেত্রভিত্তিক ক্ষতি হবে।

এদিকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রাফাল হারানোর কথা স্বীকার করেনি। তবে ৯ মে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ.কে. ভারতি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘যুদ্ধে ক্ষয়ক্ষতি অনিবার্য, যদিও তিনি কৌশলগত কারণ দেখিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।’

উল্লেখ্য, ২০১৯ সালে পাকিস্তানের হাতে দুটি বিমান হারানোর পর ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল ক্রয় করে। নতুন করে তিনটি রাফালের সম্ভাব্য ক্ষতি ভারতের এই বিনিয়োগ ও বিমানটির সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা ও টিকে থাকার সক্ষমতা নিয়ে বড় ধরনের বিতর্কের সূচনা করেছে, বিশেষ করে উচ্চমাত্রার সংঘর্ষে এর ভূমিকাকে ঘিরে। ফরাসি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দিলেও ভবিষ্যতে এ নিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ ও সামরিক মূল্যায়ন সামনে আসার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো