Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিকদের ২ পক্ষের দ্বন্দ্ব, পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ০২:৪০

পঞ্চগড় প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে পঞ্চগড় প্রেসক্লাব ও পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ঔষধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামানসহ পুলিশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীরা জানান, আগস্ট বিপ্লবের পরে প্রেসক্লাবের বহিরাগত কিছু সাংবাদিক প্রেসক্লাব দখল করে নেয়। সিংহভাগ পেশাদার সাংবাদিকদের নানাভাবে হেয় ও মব সৃষ্টি করে হয়রানি করা হয়। এতে দুইপক্ষের মধ্যে সংকট চরম আকার ধারণ করে। সাংবাদিকদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও পালটাপালটি কর্মসূচি চলতে থাকে। বুধবার রাতে প্রেসক্লাবের নব্য দখলদার পক্ষ প্রেসক্লাবের সামনে মহাসড়কে এবং প্রেসক্লাবের প্রকৃত সদস্য, পেশাদার ও সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন দাবিতে করতোয়া সেতুর সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের দুটি পক্ষই প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়। চলতে থাকে বাক বিতন্ডা। দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌছালে প্রশাসনের ১৪৪ ধারা জারি করতে বাধ্য হন। প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো