Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পানির নিচে সেন্টমার্টিনের শতাধিক বাড়ি, দেখা দিয়েছে খাদ্য সংকট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৫ ১৯:১৭ | আপডেট: ৩১ মে ২০২৫ ০০:২৫

সেন্টমার্টিনে পানির নিচে তলিয়ে গেছে শতাধিক বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে সেন্টমার্টিন দ্বীপে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে দ্বীপজুড়ে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উঁচু জোয়ারের পানিতে তলিয়ে গেছে অন্তত শতাধিক বাড়িঘর। এতে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে।

শুক্রবার (৩০ মে) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম সারাবাংলাকে ডুবে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দ্বীপে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। পানি বাড়ার ফলে দ্বীপের তিনটি বড় পাড়া পানির নিচে তলিয়ে গেছে। এতে শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে।’

বিজ্ঞাপন

সেন্টমার্টিনে অবস্থান করা বাসিন্দাদের মতে, দ্বীপে অবস্থানরত বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ঘাটে নোঙর করা অবস্থায় সাগরের ঢেউয়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরে ফের ঝোড়ো হাওয়া বয়ে যায় দ্বীপে। টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। বৈরী আবহাওয়ার কারণে টানা চার দিন বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল। এতে দ্বীপে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বঙ্গোপসাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বিভিন্ন লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে ঘাটে নোঙর করা অবস্থায় কয়েকটি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে আতঙ্কের কিছু নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। যদি পরিস্থিতি আরও খারাপ হলে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে। এখনো সে ধরনের অবস্থা হয়নি।’

ইউএনও বলেন, ‘বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে কোনো পণ্যবাহী ট্রলার যেতে পারেনি। তাই দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত পণ্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো