Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি, গুলিবিদ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৬

প্রবাসীর মাইক্রোবাসটি।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলে মির্জাপুরের প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের ছোঁড়া গুলিতে আহত হন গোড়াই হাইওয়ে থানার রেকারের চালক তুহিন।

শনিবার (৩১ মে) ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি জর্ডান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এলে পিছন দিক থেকে আসা একটি হাইয়েজ এসে তাদের মাইক্রোবাসটি গতিরোধ করে ৭ থেকে ৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, পুলিশের হ্যান্ট কাপ, বন্ধুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। সবাইকে জিম্মি করে ৫-৬ টি মেবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে নেয়। চিৎকার করলে তারা গুলি করার হুমকি দেয়। মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইওয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছুরে। ডাকাতের গুলিতে হাইওয়ে থানার রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। এরপর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

অপর দিকে প্রবাসী বিউটির শশুর আব্দুল হামিদ ও সুমাইয়া অভিযোগ করেন, তাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলকে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এরাকায় তাদের ঘুরিয়েছে। ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে মনে হচ্ছে।

এদিকে ডাকাতির খবর রাতে ছড়িয়ে পরলে পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, গুলি তার হাতে লেগেছে। অপারেশন করে গুলি বের করা হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েজ ও প্রবাসির মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো