Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরেকটি গণঅভ্যুত্থানের জন্য এ দেশের মানুষ প্রস্তুত রয়েছে: শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৯:২৪

বাগেরহাটে বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম

বাগেরহাট: বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জনগণের প্রতিনিধি নির্বাচনে যদি তালবাহানা কিংবা বিলম্ব করা হয়, তাহলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য এ দেশের মানুষ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে বাগেরহাটের মোংলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা এবং পৌর শাখার আয়োজনে শাহাদাত বার্ষিকী পালিত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের মধ্যে এমন কিছু উপদেষ্টা রয়েছেন যারা নির্বাচন নিয়ে তালবাহানা করছেন। নির্বাচন নিয়ে তালবাহানা কোনোভাবেই বিএনপি বা দেশের মানুষ মেনে নেবে না।’

শামীমুর রহমান শামীম বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম আমরা করতে চাই না, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। বিএনপিকে ধ্বংস করার জন্য মামলা, জুলুম, নির্যাতনসহ এমন কোনো কিছু বাদ যায়নি। এরপরেও বিএনপি টিকে আছে। বিএনপি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে কোনোভাবেই শেষ করা যাবে না।’

অনুষ্ঠানে ৪০০ দুঃস্থ মানুষের হাতে খাবার ও নগদ সহায়তা তুলে দেন প্রধান অতিথি কৃষিবিদ শামীম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ, পৌর বিএনপি সদস্যসচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ঈমান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন, সদস্যসচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখা সভাপতি শাহ আলম শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা পৌর শাখা সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো