Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতে ইসলামীকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই: শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ৩১ মে ২০২৫ ২১:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নীলফামারী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখায়, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সমান নিরাপত্তা পাবে। এ জন্য আমাদের সবাইকে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দুইদিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘শহিদ নেতাদের রক্ত, মজলুমদের চোখের পানি ও মুজাহিদ নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষার কারণেই জনগণের ভালোবাসা ও আস্থা আমাদের প্রতি দিন দিন বাড়ছে। এই মুহূর্তে ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার জন্য জনশক্তিকে উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেকে নিজেকে পাহারা দেবে, আর সংগঠন সবাইকে পাহারা দেবে। আমাদের নেতাকর্মীদের কুরআন-হাদীস অধ্যয়ন বাড়াতে হবে এবং পরিবারে সময় দেওয়া ও সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষিত মা মানেই শিক্ষিত জাতি। তবে সেই শিক্ষার ভিত্তি হতে হবে ‘রাব্বুল আলামীন’-এর নামে। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে দ্বীনের ছায়াতলে আনা। এ জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।’

আরও বক্তব্য রাখেন—জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলাল ও অঞ্চল সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো