Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংরক্ষিত নয়, উচিত সরাসরি ভোটে নির্বাচিত নারী’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:২৭

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম

ঢাকা: নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য সংরক্ষিত আসনের প্রথা বাদ দিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তর অঞ্চলের মুখ্য আহ্বায়ক সারজিস আলম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সকল পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা ও প্রাইজ পোস্টিং দেওয়ার সংস্কৃতি চালু রয়েছে। এ পদ্ধতি নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা।”

তিনি আরও উল্লেখ করেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেন। কিন্তু সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের সেই সুযোগ ও দায়িত্ব থাকে না।

বিজ্ঞাপন

সারজিস আলমের মতে, নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য প্রয়োজন অন্তত ১০০ জন নারীকে সরাসরি নির্বাচিত করে সংসদে পাঠানো। এজন্য তিনি সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব দেন।

‘আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী’—এই স্লোগান তুলে ধরে তিনি জানান, প্রকৃত প্রতিনিধিত্ব তখনই নিশ্চিত হবে, যখন নারী জনপ্রতিনিধিরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবেন।

এনসিপি নেতা সারজিস আলমের এই মতামত এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার প্রস্তাবকে সময়োপযোগী ও সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো