Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিরুলিয়ার চেয়ারম্যান সুজনের কারাগারে মৃত্যু; পুলিশ বলছে আত্মহত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৯:৪২ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২২:১৩

প্রতীকী ছবি

ঢাকা: গণঅভ্যুত্থানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাসহ ১৫ মামলার আসামি ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ জুন) সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

তবে কারাসূত্র বলছে, এই মৃত্যু নিয়ে অভিযোগ উঠছে যে, ১৫ মামলার আসামি সুজন কারাগারের কনডেম সেলে ছিলেন। সেখানে কিভাবে আত্মহত্যা করলেন তিনি। এ নিয়ে কারাগারের ভেতরেও আলোচনা সমালোচনা চলছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেছেন, কারাগারের একটি কক্ষে তিনজন বন্দি থাকতেন। এদের মধ্যে একজন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। অন্য একজন ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে সুজন নিজে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও আইসিটিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। যতটুকু আমরা জানি, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার একজন আসামি ছিলেন।’

আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির আত্মহত্যা

ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করা এই সেই সুজন

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রহাতে সরাসরি গুলি চালিয়েছেন। অস্ত্রহাতে গুলি চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি ছাত্র জনতার ওপর মারমুখী অবস্থায় ছিলেন। তিনি সাভার ও আমিন বাজার এলাকায় মারমুখী অবস্থায় ছিলেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে অস্ত্রহাতে গুলি চালিয়েছেন এবং শিক্ষার্থীদের নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি তিনি আশুলিয়া এলাকাতেও গুলি চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেন্দ্রীয় কারাগার থেকে এক কারাবন্দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যান সুজন আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর এ বছরের জানুয়ারিতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো