Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানান— সরকারকে সালাহউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৬:২৮ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর জন্য অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে নাগরিক ঐক্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তবর্তী সরকারকে বলব- আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে দ্রুত যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনায় যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন; যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখানে যেহেতু সাইফুল হক ভাই (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) জিজ্ঞাসা কররেছেন যে তাদের দায়মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা। না কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আর্টিক্যাল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে। সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলেছেন যে, উপদেষ্টাগণ মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য আর্টিক্যাল ৬৬ অনুসারে যে সংসদ সদস্য হওয়ার যে সমস্ত যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলব। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে।’

তিনি বলেন, ‘কনস্টিটিশনালি এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট। এটা আপনারা (অন্তবর্তী সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই লেজিটেমেসি কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো