Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ই-পাসপোর্ট ক্রয়ে ৪র্থ দফায় ১৩১০ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব নাকচ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:৪৪

ঢাকা: ই-পাসপোর্টের কাঁচামাল ও বুকলেট ক্রয়ে চতুর্থ দফায় প্রায় ১ হাজার ৩১০ টাকা ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সুরক্ষা সেবা বিভাগ’ এর পক্ষ থেকে বৈদেশিক মুদ্রায় ক্রয়যোগ্য সরঞ্জামাদি ১ কোটি পাসপোর্ট কাঁচামাল, ৬৫ লাখ পাসপোর্ট বুকলেট, প্রয়োজনে ৫০ লাখ পাসপোর্ট কাঁচামাল থেকে পাসপোর্ট বুকলেট সোয়াপ এবং প্রশিক্ষণ সেবা ক্রয়ে চুক্তিমূল্য সংশোধন (ভেরিয়েশন) তথা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেয় নি ক্রয় কমিটি। এটি ছিল এ ক্রয় কাজের চতুর্থ দফা ব্যয় বৃদ্ধির প্রস্তাব। এতে ১ হাজার ৩০৯ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়। জার্মানির প্রতিষ্ঠান ‘ভেরিডস জিএমবিএইচ’ থেকে ই-পাসপোর্টের এসব সরঞ্জাম কেনা হচ্ছে।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়, ক্রয় প্রস্তাবটির মূল চুক্তিমূল্য ছিল ভ্যাট ও ট্যাক্স ছাড়া ৩ হাজার ৩৩৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

ইতোপূর্বে প্রথম ভেরিয়েশন প্রস্তাবে ৩৯ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা, দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবে ৮৮ কোটি ১২ লাখ টাকা এবং তৃতীয় ভেরিয়েশন প্রস্তাবে ৪৫ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় তথা চুক্তিমূল্য বাড়ানো হয়েছে। এবারের চতুর্থ ভেরিয়েশন প্রস্তাবে ১ হাজার ৩০৯ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট চু্ক্তিমূল্য ৪ হাজার ৮২২ কোটি টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া) অনুমোদনের প্রস্তাব করা হয়েছিল। যা মূল চুক্তিমূল্যের চেয়ে ৪৪ দশমিক ৪২ শতাংশ বেশি।

বৈঠক সূত্র জানায়, আলোচ্য ক্রয় প্রস্তাবটি ‘সুরক্ষা সেবা বিভাগ’ এর ‘বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-১ এর আওতাধীন একটি ক্রয় প্রস্তাব। এই পুরো প্যাকেজের আওতায় ১ কোটি ৬৫ লাখ পাসপোর্ট বুকলেট, ৩ কোটি পাসপোর্ট বুকলেট তৈরির উপাদান, সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার এবং ১০ বছরের রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক সকল সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো