Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে আনুষ্ঠানিকভাবে ‘গুগল পে’ চালু করছে সিটি ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:৩৯ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৮:১১

ঢাকা: দেশে প্রথমবারের মতো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছে বেসরকারি বাণিজ্যিক সিটি ব্যাংক। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এ সেবা দেওয়া হবে। এর মাধ্যমে গুগল পে’র সঙ্গে যুক্ত হচ্ছে দেশের প্রথম কোনো ব্যাংক।

জানা যায়, আগামী ২৪ জুন থেকে এ সেবা চালু করবে সিটি ব্যাংক। এদিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট-অব-সেল (পস) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না। গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না। এতে কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে।

জানা যায়, প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংকও যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো