Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটের সময় নির্ধারণে নয়, যৌথ বিবৃতিতে জামায়াতের আপত্তি: মোহাম্মদ তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২১:৫৭ | আপডেট: ১৯ জুন ২০২৫ ০০:১৪

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঢাকা: নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে দলটির আপত্তি রয়েছে।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালীন বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান।

মঙ্গলবারের (১৭ জুন) বৈঠকে জামায়াতের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠককে আমরা স্বাগত জানিয়েছি। সেখানে নির্বাচনের তারিখ নিয়ে তিনি যে কথা বলেছেন, তাতেও আমাদের তেমন কোনো আপত্তি নেই। আমাদের প্রস্তাবনায় ডিসেম্বর থেকে এপ্রিলের সময়সীমা ছিল। ডিসেম্বর হলেও আমাদের প্রস্তাবের ভেতর থাকতো, ফেব্রুয়ারিতেও আছে, এপ্রিলে হলেও থাকতো।’

বিজ্ঞাপন

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর নির্বাচনের তারিখ আলাপ-আলোচনার মাধ্যমে পরিবর্তন হলে সমস্যা ছিল না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের দাবি থাকতে পারে। তবে এটা ভালো হতো যদি প্রধান উপদেষ্টা দেশে ফিরে টেলিভিশনে ঘোষণার মাধ্যমে তারিখটা পরিবর্তন করতেন। সেটা তিনি করেননি।’

লন্ডনে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতিকে ঘিরে বিস্ময় প্রকাশ করে ডা. তাহের বলেন, ‘আমরা খুব বিস্মিত হয়ে দেখলাম একটি দলের প্রতিনিধিদের সঙ্গে তারা যৌথ বিবৃতি দিয়েছেন। এ দেশে ১০০টিরও বেশি রাজনৈতিক দল আছে। তাহলে তো এমন সংস্কৃতি তৈরি হবে, উনি (প্রধান উপদেষ্টা) যাদের সঙ্গেই কথা বলবেন, জয়েন্ট স্টেটমেন্ট দিতে হবে। এই যৌথ বিবৃতিতে আমাদের আপত্তি। এতে অনেক রাজনৈতিক দলই বিব্রত হয়েছে।’

উল্লেখ্য, ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মঙ্গলবারের (১৭ জুন) আলোচনা বয়কট করে জামায়াত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতির মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে, এমন দাবি তুলে এর প্রতিবাদ স্বরূপ তারা ওই সংলাপে যায়নি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো