Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গায়ক নোবেলের বিয়ে হলো কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২১:০৮ | আপডেট: ২১ জুন ২০২৫ ০০:০৭

গায়ক নোবেল। ছবি: সংগৃহীত

ঢাকা: বেশ আলোচনার পর অবশেষে কারাগারে বিয়ে করেছেন আলোচিত গায়ক নোবেল (নোবেল ম্যান)। এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় সাত মাস সংসার করার পর কারাগারে যান তিনি। মামলার শুনানিতে আদালত কাবিননামা দেখতে চাইলে আসামিপক্ষের আইনজীবী তা দেখাতে পারেননি। এরপর আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

শুক্রবার (২০ জুন) বিকেলে কারাগারের একাধিক সূত্র, পুলিশ ও নোবেলের আইনজীবী সারাবাংলাকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের পর নোবেল কারাগারেই আছেন এবং ওই নারী বাইরে আসেন। আগামী রোববার (২২ জুন) নোবেলের জামিন বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

গত ১৯ মে এক নারীর দায়ের করা ধর্ষণ মামলায় নোবেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে থেকে তিনি কারাগারে আছেন।

আদালতে নোবেলের আইনজীবী দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি আসলে নোবেলের স্ত্রী, তাই ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। কিন্তু তিনি আদালতে কোনো কাবিননামা জমা দিতে পারেননি। অভিযোগকারী নারী দাবি করেন, নোবেল তাকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইলা মণি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার (১৮ জুন) নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিয়ে করার অনুমতি দেন। নোবেলের আইনজীবী জসীম উদ্দিনের ভাষ্যমতে, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং আসামিপক্ষের লিখিত আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

কারা ফটকে অনুষ্ঠিত গায়ক নোবেল ও ওই নারীর বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এবারের বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।

নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর, চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় এই মামলা করেন। সেই মামলার রেশ কাটতে না কাটতেই ওই বছরের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। পরবর্তীতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে, যেখানে দু’জনই একে অপরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন। একপর্যায়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো