Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ, কারখানা মালিককে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ০০:২৮

পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান।

ঢাকা: নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় এক বিশেষ টাস্কফোর্স অভিযানে পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া এক কারখানা মালিককে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

শনিবার (২১ জুন) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু ও ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এদিন টঙ্গীর তিলারগাতী ও সাতাইশ এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মোট সাতটি কারখানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পিপি (পলিপ্রোপিলিন) দানা জব্দ করা হয়। এসব পণ্য পরবর্তীতে পরিবেশ অধিদফদতরের উপপরিচালকের (ডিডি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জব্দকৃত কারখানাগুলোর মধ্যে অন্যতম ‘রাফি এন্টারপ্রাইজ’-এর মালিক নজরুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ‘ভাই ভাই পলি প্যাকেজিং’, ‘মায়ের দোয়া প্যাকেজিং’, ‘নাটেক্স থ্রেড অ্যান্ড ট্রিম’ এবং ‘জোনায়েদ প্যাকেজিং’-সহ আরও দুটি কারখানায় তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যে পরিবেশ অধিদফতর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।

পরিবেশ অধিদফতর জানায়, অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সংরক্ষণে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো